দেশে আবারও ষড়যন্ত্র চলছে, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের মতো দেশের মানুষ আবারও যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। জনগণের অংশগ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে অতীতেও ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি মহল আবারও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এমনকি দেশে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্রও চলছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শোভাযাত্রা শেষে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যেও একই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, যত দিন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন জাতীয় বিপ্লবের চেতনা ও শোভাযাত্রা অব্যাহত থাকবে। দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে শুরু করেন। বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়। কাকরাইল, হেয়ার রোড, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন